আইসিটি ওয়ার্ড নিউজ: নতুন বিশ্বরেকর্ড গড়েছে ফোর্ড রেসিংয়ের ইলেকট্রিক গাড়ি মাস্ট্যাং কোবরা জেট। শার্লটে আয়োজিত এক ইভেন্টে স্থির অবস্থা থেকে কেবল ৬.৮৭ সেকেন্ডে সিকি মাইল পাড়ি দিয়ে বিদ্যুচ্চালিত বা ইভির গাড়ির গতির ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছে গাড়িটি।
‘এনএইচআরএ’ ইভেন্টে ফোর্ড রেসিংয়ের ‘মাস্ট্যাং কোবরা জেট ২২০০’ নামের গাড়িটি এই রেকর্ড গড়েছে। সিকি মাইল পেরোনোর মুহূর্তে এর গতি ছিল ঘণ্টায় ২২১ মাইল।
এ দৌড়টি ফোর্ডের আগের ইভি রেকর্ডকে (৭.৬২ সেকেন্ড) ০.৭৫ সেকেন্ডের ব্যবধানে গুঁড়িয়ে দিয়েছে, যা গত সেপ্টেম্বরে ‘কোবরা জেট ১৮০০’ গড়েছিল।
নামের সঙ্গে মিল রেখে ফোর্ডের এই ‘কোবরা জেট ২২০০’ তার নতুন ডিজাইনের ইলেকট্রিক মোটর ও ইনভার্টারের সমন্বয়ে চাকায় ২২০০ হর্সপাওয়ার শক্তি সরবরাহ করেছে।
জটিলতা কমাতে ও কার্যসক্ষমতা ৯৮ শতাংশে উন্নীত করতে ফোর্ড আগের মতো চারটি করে মোটর ও ইনভার্টারের বদলে এবার দুটি করে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। এতে মোট শক্তি ৬০০ হর্সপাওয়ার বাড়লেও মোটর ও ইনভার্টারের ওজন আগের তুলনায় অর্ধেক হয়েছে।
পুরো সিস্টেমটি ৯০০ ভোল্টের আর্কিটেকচার এবং ৩২ কিলোওয়াট-ঘণ্টার ব্যাটারিতে চলেছে, যা কেবল ২০ মিনিটে চার্জড হতে পারে। এমন সক্ষমতা ‘এনএইচআরএ’ ইভেন্টে ৪৫ মিনিটের বিরতির নিয়মের জন্য যথেষ্ট।
এ বিদ্যুচ্চালিত গাড়িটিতে কিছু অস্বাভাবিক বৈশিষ্ট্য রয়েছে, যেমন একটি ক্লাচ, যা চালককে সর্বোচ্চ গতি অর্জনের জন্য মুহূর্তের মধ্যে সবটুকু শক্তি রাস্তায় ঢেলে দেওয়ার সুযোগ দেয়। গাড়িটিতে মাল্টি-স্পিড ট্রান্সমিশনও ব্যবহৃত হয়েছে, যা পুরো দৌড়জুড়ে এর আদর্শ পাওয়ার ব্যান্ডের মধ্যে থাকতে সাহায্য করেছে।
ফোর্ডের মতে, কোয়ার্টার-মাইল দৌড়ের সময়কে প্রায় এক সেকেন্ড কমিয়ে দিয়েছে এ গাড়ি। এর ব্যাটারি ডিজাইন এমনভাবে হয়েছে, যাতে দলটি সেরা ট্রাকশন বা রাস্তার সঙ্গে চাকার ঘর্ষণ ধরে রাখার জন্য গাড়ির ওজন বণ্টন সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে।
আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, গাড়িটির পাইরোটেকনিক সার্কিট ব্রেকার, যা ‘এনএইচআরএ’ ইভেন্টের নিরাপত্তা নিয়ম মেনে চলার জন্য ছোট বিস্ফোরক চার্জের মাধ্যমে তাৎক্ষণিকভাবে উচ্চ-ভোল্টেজের সংযোগ বিচ্ছিন্ন করে দিতে পারে।
আরও পড়ুন:
❒ ইলেকট্রিক গাড়ি বিওয়াইডি অ্যাটো ৩-এর আপগ্রেডেড ভার্সন উন্মোচন
❒ গাড়ির দুনিয়ায় নতুন ৫ সংযোজন
❒ শাওমির নতুন ইলেকট্রিক গাড়িতে থাকছে যেসব ফিচার
❒ টাটার ই-কার ১৫ মিনিটের চার্জে চলবে ১৫০ কিলোমিটার
❒ মারুতি সুজুকি নতুন বৈদ্যুতিক গাড়ি ‘ভিটারা’ আসছে বাজারে
❒ বছরের শুরুতেই নতুন বৈদ্যুতিক গাড়ি আনছে হুন্দাই
এ প্রযুক্তির কিছু অংশ, যেমন উচ্চ-সক্ষমতাওয়ালা মোটর ও ৯০০ ভোল্টের সিস্টেম, যা ভবিষ্যতে সাধারণ ব্যবহারকারীদের গাড়িতেও দেখা যেতে পারে।
তবে ফোর্ড ও আমেরিকার অন্য গাড়ি নির্মাতারা ইদানীং ব্যাটারিচালিত ইভির পেছনে বিনিয়োগ কমিয়ে দিয়েছে। ফোর্ড ঘোষণা করেছে, ‘এফ-১৫০ লাইটনিং’ মডেলটিকে একটি গ্যাস জেনারেটরওয়ালা ‘ইআরইভি’ হিসেবে নতুনভাবে তৈরি করবে।
অন্যদিকে, গত সপ্তাহে মার্কিন গাড়ি নির্মাতা কোম্পানি ‘জেনারেল মোটর্স’ বা জিএম তাদের পরবর্তী প্রজন্মের পূর্ণ আকারের ইলেকট্রিক পিকআপ ও এসইউভি’র কাজ পিছিয়ে দিয়েছে। দ্রুত বাড়তে থাকা পেট্রোলের দামের কারণেই কোম্পানিগুলো এমন সিদ্ধান্ত নিচ্ছে।
তথ্যসূত্র: এনগ্যাজেট
❑ স্মার্ট গাড়ি থেকে আরও পড়ুন
আরও পড়ুন: নতুন রূপে ফিরছে ল্যান্ড রোভার ফ্রিল্যান্ডার

