আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: দৃষ্টি ফেরাতে উদ্ভাবিত হলো নতুন আইড্রপ । বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের দৃষ্টিশক্তির সমস্যা অনেকের জীবনকে জটিল করে তোলে। বিশেষ করে, কাছাকাছি জিনিস দেখার অক্ষমতা বা প্রিসবায়োপিয়া নামক সমস্যা ৪০ বছরের পর প্রায় সকলেরই দেখা দেয়। এই সমস্যার জন্য পড়ার চশমা বা কনট্যাক্ট লেন্সের উপর নির্ভর করতে হয়। কিন্তু এখন এই সমস্যার সমাধানে বিজ্ঞানীরা একটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন।
বিশেষ ধরনের চোখের ড্রপ তৈরি করেছেন বিজ্ঞানীরা। ড্রপটি ব্যবহারের ফলে স্বল্প দৃষ্টিশক্তির মানুষ চশমা ছাড়াই যেকোনো লেখা পড়তে পারবেন। ফলে বয়সের কারণে হওয়া দৃষ্টি সমস্যা সহজেই সমাধান করা যাবে। সম্প্রতি ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত ইউরোপিয়ান সোসাইটি অব ক্যাটারাক্ট অ্যান্ড রিফ্র্যাক্টিভ সার্জনস কংগ্রেসে এ বিষয়ে গবেষণা ফলাফল উপস্থাপন করেছে আর্জেন্টিনার সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ফর প্রেসবায়োপিয়া।
সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ফর প্রেসবায়োপিয়ার গবেষণায় দেখা গেছে, ড্রপটি ব্যবহারের পর অংশগ্রহণকারীদের দৃষ্টিশক্তির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এই উন্নতি দুই বছর পর্যন্ত স্থায়ী ছিল। গবেষণায় আর্জেন্টিনার ৭৬৬ জন ব্যক্তি প্রতিদিন দুইবার পিলোকারপিন ও ডাইক্লোফেনাকযুক্ত চোখের ড্রপটি ব্যবহার করেন। ড্রপটি ব্যবহারের মাত্র এক ঘণ্টা পর আই চার্ট নামের দৃষ্টি পরীক্ষায় গড়ে ৩.৪৫ লাইন পর্যন্ত উন্নতি দেখা গেছে অংশগ্রহণকারীদের।
সাধারণত ৪০ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে প্রেসবায়োপিয়া দেখা যায়। চোখের লেন্স কম নমনীয় হয়ে গেলে এমন সমস্যা দেখা দেয়। সমস্যার কারণে কাছের জিনিসে ফোকাস করতে অসুবিধা হয়। চশমা ব্যবহার করে বা অস্ত্রোপচারের মাধ্যমে এই সমস্যার সমাধান করা হয়ে থাকে। নতুন চোখের ড্রপটি এই সমস্যা সহজেই সমাধান করবে।
আরও পড়ুন:
❒ মাইক্রোপ্লাস্টিক মানবদেহে: স্বাস্থ্য ঝুঁকি কতটা?
❒ মৃত্যু ঝুঁকি বাড়াতে পারে বিষণ্ণতার কিছু ওষুধ
❒ আলঝেইমার রোগের চিকিৎসায় ‘যুগান্তকারী’ গবেষণা
❒ টাইটানিয়াম কৃত্রিম হৃৎপিণ্ড চিকিৎসা বিজ্ঞানে নতুন মাইলফলক
❒ মানুষের শরীরে বার্ধক্য ঠেকানোর নতুন কৌশল আবিষ্কার
❒ ম্যালেরিয়ার নতুন ওষুধ তৈরি করেছেন বিজ্ঞানীরা
আর্জেন্টিনার সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ফর প্রেসবায়োপিয়ার পরিচালক জিওভানা বেনোজি জানান, গবেষণার ফলাফলে সব গ্রুপের ক্ষেত্রে দ্রুত ও টেকসই উন্নতির প্রমাণ দেখা গেছে। পিলোকারপিনের গ্রুপে ৯৯ শতাংশ রোগী আশানুরূপ ফল পেয়েছে। তবে ড্রপটির কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে। আর তাই ড্রপটি ব্যবহারের সময় সাময়িক ঝাপসা দেখা, চোখ জ্বালা করা ও মাথাব্যথা হয়েছে অনেকের।
সূত্র: এনডিটিভি
❑ চিকিৎসা বিজ্ঞান থেকে আরও পড়ুন
আরও পড়ুন: রাশিয়ার তৈরি ভ্যাকসিন ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে সফল

