নববর্ষ ১৪৩৩: নতুনের আবাহন ও বাঙালির আত্মপরিচয়
বৈশাখী হাওয়ায় ভর করে আবারও আমাদের দুয়ারে কড়া নাড়ছে নতুন বছর। ১৪৩৩ বঙ্গাব্দের প্রথম প্রভাতে সূর্যোদয়ের সাথে সাথে নতুন আলোর প্রত্যাশায় জেগে উঠেছে বাংলাদেশ। পহেলা বৈশাখ বাঙালির কোনো নির্দিষ্ট ধর্মের উৎসব নয়, এটি বাঙালির সর্বজনীন প্রাণের উৎসব। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি বাঙালি এই দিনে শিকড়ের সন্ধানে ফিরে আসে আপন সংস্কৃতি ও ঐতিহ্যের কাছে।
বাংলা নববর্ষ আমাদের আত্মপরিচয়ের প্রতীক। হালখাতা, গ্রামীণ মেলা, পুতুল নাচ, আর মাটির সানকিতে পান্তা-ইলিশের স্বাদ—এসবই আমাদের হাজার বছরের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। চারুকলার মঙ্গল শোভাযাত্রা আজ বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃত, যা আমাদের অসাম্প্রদায়িক চেতনারই এক অনন্য বহিঃপ্রকাশ। এই দিনে আমরা সব জরা, জীর্ণতা ও ক্লান্তি মুছে নতুন করে বাঁচার স্বপ্ন দেখি।
আমাদের ইতিহাস বলে, বারবারই এ দেশের সংস্কৃতির ওপর আঘাত এসেছে। কিন্তু বাঙালি বারবার মাথা তুলে দাঁড়িয়েছে নিজের শেকড় আঁকড়ে। নববর্ষ আমাদের মনে করিয়ে দেয় যে, আমরা একটি সংগ্রামী জাতি। অপসংস্কৃতি আর বৈষম্যের দেয়াল ভেঙে সাম্যের সমাজ গড়ার প্রেরণা আমরা পাই এই বৈশাখের উৎসব থেকেই। আধুনিকতার মোড়কে আমরা যেন আমাদের ঐতিহ্যকে ভুলে না যাই, সেদিকে লক্ষ্য রাখা আজকের সময়ের দাবি।
আরও পড়ুন:
❒ প্রযুক্তির আলোয় আইসিটি ওয়ার্ল্ড নিউজ-এর ১৪তম বর্ষপূর্তি
❒ কেবল উপবাস নয়, সিয়াম হোক জীবন পরিবর্তনের অঙ্গীকার
❒ পহেলা বৈশাখ: ঐতিহ্য সংস্কৃতি ও জাতিগত ঐক্যের প্রতীক
❒ অমর একুশে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের দিন
১৪৩৩ বঙ্গাব্দের শুরুতে আমাদের অঙ্গীকার হোক—জ্ঞানভিত্তিক সমাজ গড়া এবং একে অপরের প্রতি সহমর্মিতা প্রদর্শন করা। প্রযুক্তি ও তথ্যের যুগে আমরা এগিয়ে চলছি ঠিকই, কিন্তু নৈতিকতার ভিত্তি যেন অটুট থাকে। আসুন, সকল হানাহানি ও বিভেদ ভুলে আমরা মানুষ হিসেবে একে অপরের হাত ধরি এবং একটি সমৃদ্ধ, স্মার্ট ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় গ্রহণ করি।
নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। শুভ নববর্ষ!
❑ সম্পাদকীয় থেকে আরও পড়ুন
আরও পড়ুন: ২৬শে মার্চ: স্বাধীনতার চেতনা ও আগামীর অঙ্গীকার

