তেরো বছর পূর্তিতে আইসিটি ওয়ার্ল্ড নিউজ
“প্রযুক্তির সর্বশেষ সংবাদ সবার আগে” – এই মন্ত্র নিয়ে যাত্রা শুরু করেছিল আইসিটি ওয়ার্ল্ড নিউজ। দেখতে দেখতে পূর্ণ হলো আরো একটি বছর সেই যাত্রার। পাঠকের ভালোবাসায় তেরো বছরের পথচলা, পদার্পণ করল চতুর্দশ বর্ষে, এ আনন্দঘন মুহুর্তে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই আমাদের প্রিয় পাঠক, লেখক, শুভানুধ্যায়ী এবং নিউজ পোর্টাল সংশ্লিষ্ট সবাইকে।
সকলের সমর্থন ও সহায়তা ছাড়া তীব্র প্রতিযোগীতাপূর্ণ অনলাইন জগতে প্রতিষ্ঠা লাভ করা সম্ভব হতো না। সবার অকুণ্ঠ সহযোগিতায় মসৃণ হয়েছে আমাদের পথচলা। সবার ভালোবাসায় আমরা সমৃদ্ধ হয়েছি। নিশ্চয় আইসিটি ওয়ার্ল্ড নিউজ এর প্রতি এই সহযোগিতা এবং ভালোবাসা অক্ষুন্ন থাকবে সবার, আমাদের এগিয়ে চলার পথ আরো মসৃণ হবে।
পথচলার শুরু থেকেই আমরা চেষ্টা করেছি তথ্য-প্রযুক্তির সর্বশেষ সংবাদ সবার আগে উপস্থাপন করতে। বর্তমানে আমাদের দেশে অনলাইন একটি নিউজ পোর্টাল জনপ্রিয় করা কতোটা কঠিন তা ভাষায় প্রকাশ করার মতো নয়। কারণ আমাদের দেশে অনলাইন পাঠক খুবই সামান্য। অনলাইন পত্রিকায় প্রতিঘন্টাই পাঠকের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখতে হয়, দিতে হয় পরীক্ষা।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের এ প্রিয় জন্মভুমি বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে ঠিকই কিন্তু এ বাংলাদেশ নামক ভূ-খন্ডের মানুষগুলো স্বাধীন হতে পারেনি। দূর্নীতির কাছে আমরা পরাধীন, আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ।
হাজার রকমের জনদুর্ভোগ থেকে আমরা মুক্তি চাই। আমরা চাই আইনের প্রকৃত শাসন, সুশৃঙ্খল বাংলাদেশ। বাংলাদেশে যেন আর কখনো হত্যাকাণ্ডের মতো ঘটনা, গুম- অপহরণ, পেট্রোল বোমা আতঙ্কে না ভুগতে হয় কাউকে। মুক্তিপণ দিয়ে যেন সন্তানকে ফিরিয়ে আনতে না হয় কোনো পিতাকে।
চাপাতির কোপে আর যেন প্রাণ দিতে না হয় নিরীহ কাউকে। গার্মেন্টস ফ্যাক্টরির আগুনে যেন আর একটিও প্রাণ কখনো না যায়। আমরা নারী নির্যাতনমুক্ত বাংলাদেশ চাই। খাদ্যের বিষক্রিয়ায় ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোতে চাই না। আমরা যানজটমুক্ত রাজধানী চাই, সড়ক দুর্ঘটনামুক্ত দেশ চাই। মানুষের কল্যাণই দেশের কল্যাণ।
বাংলাদেশ অতি সম্ভাবনার একটি দেশ। স্বাধীনতার পর থেকে হাজারো সমস্যায় জর্জরিত থাকার পরও দেশ এগিয়েছে অনেক। কৃষি এবং শিল্পক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে, শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে, জনশক্তি রপ্তানির ক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে, উন্নতি হয়েছে যোগাযোগক্ষেত্রে।
পোশাকক্ষেত্রে উন্নতি, টেলিযোগাযোগক্ষেত্রে উন্নতি, সাধারণ মানুষের জীবনের মানে উন্নতি, এ রকম বহু অর্জন আমাদের। এই সব দিক বিবেচনা করলে বাংলাদেশ এখন আর পিছিয়ে পড়া দেশ নয়। আর এ জন্য প্রয়োজন তথ্য-প্রযুক্তির সঠিক ব্যবহার। সব মাধ্যমে আনতে হবে অত্যাধুনিক সব প্রযুক্তির ব্যবহার।
“প্রযুক্তির সর্বশেষ সংবাদ সবার আগে” এ স্লোগান ধারণ করে আইসিটি ওয়ার্ল্ড নিউজ ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি অনেকটা অনাড়ম্বর ঘরোয়া পরিবেশে উদ্বোধন করেন জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা জনাব এস,এম ইসহাক।
আরও পড়ুনঃ
❒ বিজয়ের ৫৪ বছর পরে আমাদের আশা-আকাঙ্ক্ষা
❒ শ্রমিকদের অধিকার রক্ষাই এ দিবসের মূল দাবি
❒ শুভ বাংলা নববর্ষ
❒ একযুগ পূর্তিতে আইসিটি ওয়ার্ল্ড নিউজ
অনলাইনে আসে মাত্র তিন মাসের মধ্যেই পত্রিকাটির পাঠক সংখ্যা হাজার হাজার ছাড়িয়ে যায়, যা বাংলাদেশের অনলাইন জগতে বিরল ঘটনা। যাত্রার পর থেকেই নিউজ পোর্টাল জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। এটি এখন দেশে-বিদেশে ব্যাপক আলোচিত ও জনপ্রিয় অনলাইন পত্রিকা ।
দেশকে বিশ্ব দরবারে সমৃদ্ধশালী দেশ হিসাবে উপস্থাপন করতে হলে প্রযুক্তির কোন বিকল্প নাই, এটা গভীরভাবে উপলব্ধি করেই পথ চলছি আমরা। পাঠকসহ সংশ্লিষ্ট সবাইকে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করে আরও বলিষ্ঠতার সঙ্গে এগিয়ে যাবে আইসিটি ওয়ার্ল্ড নিউজ এর তেরো বছর পূর্তিতে এটাই আমাদের অঙ্গীকার।
❑ সম্পাদকীয় থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ অমর একুশে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের দিন


