আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: সৌদিতে প্রবাসীরা সম্পত্তি কেনার সুযোগ পাচ্ছেন । সৌদি আরবের নির্দিষ্ট অঞ্চলে ২০২৬ সাল থেকে সম্পত্তি কিনতে পারবেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা। এর আওতায় বিদেশি ব্যক্তি ও কোম্পানিগুলোকে সৌদির নির্দিষ্ট এলাকায় সম্পত্তি কেনার অনুমতি দেওয়া হবে।
সৌদি সরকার সম্প্রতি এ সংক্রান্ত একটি নতুন আইন পাস করেছে।
প্রথম ধাপে রিয়াদ, জেদ্দা ও আরও কিছু নির্ধারিত অঞ্চলে বিদেশিদের সম্পত্তি কেনা অনুমোদিত হবে। যেগুলোর নাম পরে ঘোষণা করা হবে।
তবে ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বের কারণে মক্কা ও মদিনায় সম্পত্তি কেনার ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ থাকবে । এসব অঞ্চলে বাড়ি কিনতে হলে বিশেষ অনুমোদন লাগবে।
এই নতুন আইন ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। এর আগে সৌদি সরকার ‘ইস্তিতা’ নামে একটি পরামর্শমূলক ওয়েবসাইটে ১৮০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ নিয়মকানুন ও অনুমোদিত এলাকার তালিকা প্রকাশ করবে, যেখানে জনমত গ্রহণ করা হবে।
বিদেশি ব্যক্তি ও কোম্পানিগুলো এই আইনের আওতায় সম্পত্তি কিনতে পারবে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য এ উদ্যোগকে দেশের অর্থনৈতিক বৈচিত্র্যকরণের অংশ হিসেবে দেখা হচ্ছে।
এ পদক্ষেপ সৌদি আরবের ভিশন ২০৩০–এর অংশ। এর মাধ্যমে দেশটি বিদেশি বিনিয়োগ আকর্ষণ; আবাসন ও বাণিজ্যিক ভবনের জোগান বাড়ানো; রিয়াদ, জেদ্দা ও নিওম-এর মতো প্রকল্পগুলোকে সহায়তা দেওয়া এবং সৌদি নাগরিকদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি বিদেশিদের জন্য বিনিয়োগ সহজ করা লক্ষ্য পূরণ করতে চায়।
আরও পড়ুন:
❒ বিদেশ থেকে টাকা পাঠানোর বিশ্বস্ত কয়েকটি মাধ্যম
❒ প্রবাসীরা বিনা জামানতে ১০ লাখ টাকা পর্যন্ত ব্যাংকঋণ পাবেন
❒ বিদেশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম
বিশেষজ্ঞদের মতে, দুবাই, আবু ধাবি, দোহার মতো শহরগুলো আগে থেকেই বিদেশিদের জন্য নির্দিষ্ট এলাকায় সম্পত্তি কেনার সুযোগ দিয়েছে এবং এতে বিপুল পরিমাণ বৈদেশিক বিনিয়োগ এসেছে। সৌদি আরবও যদি একই পথ অনুসরণ করে, তাহলে রিয়াদ ও জেদ্দা হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্যের নতুন বিনিয়োগ হটস্পট।
[প্রিয় পাঠক, আইসিটি ওয়ার্ড নিউজ এর আমি প্রবাসী বিভাগে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন info.ictworldnews24@gmail.com এই ঠিকানায়। লেখায় আপনার নামে প্রকাশ করা হবে।]
সূত্র: গালফ নিউজ
❑ আমি প্রবাসী থেকে আরও পড়ুন
আরও পড়ুন: প্রবাসীদের বিমা সুবিধা দেবে ‘আমি প্রবাসী’ ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স

