আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: তথ্যপ্রযুক্তির জন্য ২ হাজার ৮৭২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব । ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তথ্যপ্রযুক্তি বিভাগের জন্য ২ হাজার ৮৭২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা আগের অর্থবছরের সংশোধিত চূড়ান্ত বাজেটের তুলনায় ৪৮৯ কোটি টাকা বেশি।
২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদে এই বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর এটিই তার প্রথম বাজেট।
প্রস্তাবিত বাজেটে গত অর্থবছরে তথ্যপ্রযুক্তি বিভাগকে এককভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল ২ হাজার ৩৬৮ কোটি টাকা। যা পরে সংশোধিত বাজেটে পরিমাণ দাঁড়িয়েছিল ২ হাজার ৩৮৩ কোটি টাকা।সংশোধিত চূড়ান্ত বাজেটের তুলনায় তথ্যপ্রযুক্তি বিভাগ গত অর্থবছরের চেয়ে এবার ৪৮৯ কোটি টাকা বেশি পেয়েছে।
করমুক্ত থাকছে আইসিটির ১৯ খাত
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ২০২৪-২৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে তথ্যপ্রযুক্তির (আইসিটি) ১৯টি খাত করমুক্ত থাকছে। দেশীয় ব্যবসা থেকে আয় ও ব্যক্তিপর্যায়ে ব্যবসায়িক কার্যক্রম স্বল্পসময়ের মধ্যে ক্যাশলেস করার শর্তে এ খাতগুলো করমুক্ত রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে যেসব খাত
❖ এআই বেজড সলিউশন ডেভেলপমেন্ট
❖ ব্লকচেইন বেজড সলিউশন ডেভেলপমেন্ট
❖ রোবোটিকস প্রসেস আউটসোর্সিং
❖ সফটওয়্যার অ্যাজ অ্যা সার্ভিস
❖ সাইবার সিকিউরিটি সার্ভিস
❖ ডিজিটাল ডাটা এনালাইটিকস ও ডাটা সাইয়েন্স
❖ মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্ভিস
❖ সফটওয়্যার ডেভেলপমেন্ট ও কাস্টমাইজেশন
❖ সফটওয়্যার টেস্ট ল্যাব সার্ভিস
❖ ওয়েব লিস্টিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট ও সার্ভিস
❖ আইটি সহায়তা ও সফটওয়্যার মেইনটেন্যান্স সার্ভিস
❖ জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস
❖ ডিজিটাল অ্যানিমেশন ডেভেলপমেন্ট
❖ ডিজিটাল গ্রাফিকস ডিজাইন
❖ ডিজিটাল ডেটা অ্যান্ট্রি ও প্রসেসিং
❖ ই-লার্নিং প্ল্যাটফর্ম ও ই-পাবলিকেশন
❖ আইটি ফ্রিল্যান্সিং
❖ কল সেন্টার সার্ভিস
❖ ডকুমেন্ট কনভারশন, ইমেজিং ও ডিজিটাল আর্কাইভিং
২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অর্থমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম বাজেট। ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগানে এটি দেশের ৫৩তম বাজেট।
আরও পড়ুনঃ ফোনে কথা বলা ওপর খরচ বাড়ানো হতে পারে


