আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: কলিং অ্যাপ ‘আলাপ’কে জনপ্রিয় করার তাগিদ । বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কলিং সেবা অ্যাপ ‘আলাপ’কে গ্রাহকদের কাছে জনপ্রিয় করে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায় এই নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, আলাপকে একসঙ্গে ২০ লাখ গ্রাহকের ভিডিও কল করার সক্ষমতা তৈরি, আইডি ছাড়াই মোবাইল নাম্বারের মাধ্যমে হোয়াটস অ্যাপ-এর মতো সহজে অ্যাপসটি ডাউনলোড করার উপযোগী করা এবং বিদ্যমান ল্যান্ড ফোনের নাম্বার হিসেবে অ্যাপটিতে ইনকামিং ও আউটগোয়িং কল করা ও কল গ্রহণের সুবিধা নিশ্চিত করতে হবে।
এছাড়াও চলতি অর্থবছরে এডিপি বাস্তবায়নের অগ্রগতিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে জাতীয় অগ্রগতির ক্রম তালিকায় সর্বোচ্চ স্থান অর্জনের করণীয় বিষয়ে পরামর্শ দিয়েছেন প্রতিমন্ত্রী। পাশাপাশি বিটিসিএল, টেশিসসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বিভিন্ন সংস্থার অব্যবহৃত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন তিনি।
পলক বলেন, সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর আয় বৃদ্ধি করার সুযোগ রয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ধারাবাহিকতায় বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ ৪টি মূল পিলার ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয় তুলে ধরেছেন।

স্তম্ভগুলো হচ্ছে স্মার্ট নাগরিক তৈরি করা, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ে তোলা। এই চারটি পিলার শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে আগামী ৫ বছরে মন্ত্রণালয় কী করবে, সেটি তিনটি ধাপে ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান প্রমুখ।
আরও পড়ুনঃ গুগল ড্রাইভ ব্যবহারকারীদের সতর্ক করল গুগল

